নৈর্ঋতে মেঘের আনাগোনা, কদম গোধুলি, নদীর বুকে বাড়ন্ত যৌবন কিংবা মৃদু মৃদু ঢেউ, ময়ূরাক্ষী নজরে এই সবই নান্দনিকতার বহর! এই তো ঋতুপাড়ায় প্রতিটা ঋতু পার করছি দফায় দফায়, তোকে ভালোবেসেছি বলেই জেনেছি কীভাবে বর্ষা পুষতে হয়। বিগত বছর গুলোতে বর্ষায় টিনের চালে যে নিক্কণ ধ্বনি বেজেছে, সে সুরের মূর্ছনায় তুই ছিলি গুপ্তচর প্রেম। মেঘের শরীরে বিরামচিহ্নহীন যে নামটি লিখেছি তা শুধুই 'তুই'! ঋতু পরিবর্তনে তুই হয়ে উঠিস প্রণয় ঐশ্বর্যের ঐতিহাসিক রূপ। তোর ঐশ্বর্যময় ভালোবাসাই আমাকে শিখিয়েছে ; বর্ষা তৃষ্ণা, বৃষ্টি চা, রাত জেগে নক্ষত্র আলাপ। অব্যক্ত প্রেমে বিরহকাতর হওয়ার সুযোগ নেই। বরং বছর ঘুরতেই ঋতুর অমোঘ প্রেমের খেতাব মেলে।
